শাইখ ড.মুহাম্মদ শহীদুল্লাহ খান মাদানী

পরিচিতি

ড. মুহাম্মদ শহীদুল্লাহ খান মাদানী

ড. মুহাম্মদ শহীদুল্লাহ খান মাদানী, ঠাকুরগাঁও জেলার সদর থানার রহিমানপুর গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে ১৯৭৫ সালে জন্মগ্রহণ করেন।

স্বীয় গ্রামে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা সম্পন্ন করে দিনাজপুর উথরাইল আলিয়া মাদরাসা হতে আলিম শেষ করে আরবী ভাষা ও ইসলাম শিক্ষায় আরো গভীর জ্ঞান অর্জনের লক্ষ্যে মাদরাসা মুহাম্মাদিয়া আরাবীয়া, যাত্রাবাড়ী ঢাকায় অধ্যয়ন শুরু করেন এবং ১৯৯৬ সালে কৃতিত্বের সাথে দাওরা হাদীস সম্পন্ন করেন, পাশাপাশি বি.এ, এম.এ এবং (ঢাকা সরকারী আলিয়া মাদরাসায়) কামিল তাফসীর ও হাদীস সম্পন্ন করেন।

উচ্চশিক্ষার জন্য স্কলারশিপ পেয়ে মদীনা ইসলামী বিশ্ববিদ্যালয়ে গমন করেন। বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নের পাশাপাশি মাসজিদে নববীতে মদীনার বড় বড় আলিমদের নিকটও বিভিন্ন বিষয়ে শিক্ষা নেন। মদীনা ইসলামী বিশ্ববিদ্যালয়ে কৃতিত্বের সাথে লিসান্স ও হায়ার ডিপ্লোমা সম্পন্ন করে সউদী ধর্ম মন্ত্রণালয় কতৃর্ক রিলিজিয়াস টিচার (দা‘ঈ) হিসেবে বাংলাদেশে নিয়োগ লাভ করেন।

দেশে ফিরে মাদরাসা দারুস্ সুন্নাহয় অধ্যক্ষ পদে যোগদান করেন। তিনি কর্মজীবনের পাশাপাশি শিক্ষা ও গবেষণায় নিয়োজিত হন। কুরআন ও সহীহ হাদীসের আলোকে গবেষণামূলক ইসলাম শিক্ষা সিরিজসমূহ তাঁর নিরলস পরিশ্রমের অনন্য তুহফা। যা ধারাবাহিকভাবে প্রকাশিত হচ্ছে।

কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে আল হাদীস এন্ড ইসলামিক স্টাডিজ অনুষদ থেকে ইলমুত তাওহীদে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ-এর অবদান শীর্ষক বিষয়ে পি. এইচ. ডি গবেষণা সম্পন্ন করেন এবং মাদরাসাতুল হাদীস নাজির বাজার, ঢাকা’র অধ্যক্ষের দায়িত্ব পালন করেন। এরপর (২০১৬ থেকে ২০২৫) বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীস-এর সেক্রেটারী জেনারেল এবং বাংলাদেশ আহলে হাদীস তা‘লীমী বোর্ড-এর রেজিস্ট্রার এর দায়িত্ব পালন করেন।  

বর্তমানে বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীসের সহ-সভাপতি হিসেবে আছেন এবং সেক্রেটারী বোর্ড অব ট্রাস্টিজ ইন্টারন্যাশনাল ইসলামী ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি বাংলাদেশ এর দায়িত্ব পালন করছেন।

আধুনিক ঢাকার উত্তরায় মদীনা ইসলামী বিশ্ববিদ্যালয় এর কারিকুলামের আলোকে মানসম্মত ও উন্নত দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামি’আ মানারুত তাওহীদ প্রতিষ্ঠা করেছেন ও পরিচালনা করছেন। এছাড়াও বিভিন্ন ইসলামিক ও সামাজিক সংগঠন এবং প্রতিষ্ঠানের পরিচালক অথবা সদস্য হিসেবে নিয়োজিত রয়েছেন। পিস টিভি বাংলার খ্যাতিমান ভাষ্যকার হিসেবে ইতোমধ্যে সুখ্যাতি লাভ করেছেন। আল্লাহ তাঁর দ্বারা ইসলাম ও মুসলিম সমাজকে উপকৃত করুন। আমীন!!