প্রশ্ন (০১): কারো নাম গোলাম রাব্বী রাখা জায়িয হবে কি? [আশরাফুল ইসলাম, নাটোর, রাজশাহী]
উত্তর: গোলাম রাব্বী নামটির দু’টি অংশ রয়েছে। এর প্রথমাংশ গোলাম আর দিতীয়াংশ রাব্বী। গোলাম শব্দটি আরবী যা একাধিক অর্থ ধারণ করে। কুরআনে শব্দটি ছেলে অর্থে ব্যবহৃত হয়েছে। মহান আল্লাহর বাণী:
﴿فَبَشَّرْنَاهُ بِغُلَامٍ حَلِيْمٍ﴾
অর্থাৎ- “আমি তাঁকে এক সহনশীল ছেলের সুসংবাদ দিলাম। [সূরা আস্ সাফফাত ৩৭ : ১০১]
আর রব শব্দটি মহান আল্লাহর সিফাতি নাম। যার অর্থ: প্রভূ, মালিক, প্রতিপালক ইত্যাদি। অতএব দু’টি শব্দের একত্রে অর্থ দাঁড়ায় “আমার প্রতিপালকের ছেলে” নাঊযুবিল্লাহ। উক্ত অর্থে নামটি স্পষ্ট র্শিক হবে। তবে আরবরা গোলাম শব্দটি দাস এর অর্থেও ব্যবহার করে থাকেন। [আল-মুনজিদ- পৃ: ৫৫৬, রাযেদ- পৃ: ৬৪৫]
তখন অর্থ হবে আমার প্রতিপালকের দাস। উক্ত অর্থে নামটি রাখা জায়িয হবে। কিন্তু এখানে আরেকটি সমস্যা হলো- সাধারণ মানুষ ডাকার সময় “রাব্বী”বলে ডাকে। যার অর্থ আমার রব। এটিও স্পষ্ট র্শিক। তাই এই ধরনের সংশয়পূর্ণ, র্শিকমিশ্রিত নাম রাখা থেকে বিরত থাকা অপরিহার্য।





